কয়রা-ঢাকা রুটে সরাসরি বাস চালুর দাবিতে মালিক-শ্রমিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | কয়রার খবর | (KSF) ---
কয়রা (খুলনা): ঢাকা-কয়রা রুটে সরাসরি বাস চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় শীঘ্রই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বাস চলাচল শুরু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহলের দাবি—এটি কোনো সাময়িক সমাধান নয়, বরং স্থায়ী ব্যবস্থার প্রয়োজন। বর্তমানে কয়রার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে, ঢাকা-কয়রা-ঢাকা রুটে চলাচলকারী সকল দূরপাল্লার পরিবহন সার্ভিস সকাল ও সন্ধ্যা উভয় সময়ে নিয়মিত করতে হবে। এছাড়া সকল বাসের স্টার্টিং পয়েন্ট বা মূল কেন্দ্র হতে হবে সরাসরি কয়রা।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, কয়রা বাস টার্মিনাল নির্মাণের জন্য কপোতাক্ষ কলেজের দক্ষিণ পাশে পর্যাপ্ত জায়গা প্রস্তুত রয়েছে এবং জমির মালিকও জমি দিতে আগ্রহী। পরিবহন সংশ্লিষ্টরা সরাসরি সার্ভিস দিতে ইচ্ছুক থাকলেও প্রশাসনিক ও অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতার কারণে তা থমকে আছে। স্থানীয়দের দাবি, নির্দিষ্ট দুই-একটি পরিবহন নয়, বরং সকল দূরপাল্লার বাস যেন কয়রা থেকে যাত্রা শুরু করে এবং যাত্রীদের দুর্ভোগ লাঘবে দ্রুত একটি আধুনিক টার্মিনাল নির্মাণ করা হয়।
এমপি মহোদয় ও প্রশাসনের নিকট বিনীত অনুরোধ জানিয়ে এলাকাবাসী বলেন, জনসাধারণের এই যৌক্তিক চাহিদাকে প্রাধান্য দিয়ে যেন অতিদ্রুত স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়।
সবশেষ খবর সবার আগে পেতে KSF news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.blogger.com ভিজিট করুন।


একটি মন্তব্য পোস্ট করুন