প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
খুলনায় নেতৃত্বহীন ছাত্রদল: নতুন কমিটির অপেক্ষায় শুরু হয়েছে তীব্র লবিং
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ৮ মে, ২০২৬
খুলনায় দীর্ঘদিন ধরে কার্যকর নেতৃত্বহীন অবস্থায় রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। মহানগর ও জেলা—এই দুই ইউনিটেই বর্তমানে কোনো কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পদপ্রত্যাশী নেতারা নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও এরই মধ্যে নতুন কমিটি ঘিরে শুরু হয়েছে তীব্র লবিং ও অভ্যন্তরীণ নানা হিসাব-নিকাস।
দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও কেন্দ্রীয় পর্যায়ে ব্যাপক যাচাই-বাছাই চলছে। পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ হওয়ায় ছাত্রদলের নতুন কমিটি গঠনে তাঁর প্রভাব সবচেয়ে বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অতীতের দিকে তাকালে দেখা যায়, ২০২১ সালের ২৪ মার্চ ইশতিয়াক আহমেদ ইশতিকে আহ্বায়ক এবং তাজিম বিশ্বাসকে সদস্য সচিব করে মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি নগরের বিভিন্ন ইউনিটে সাংগঠনিক কার্যক্রম সচল রাখার চেষ্টা করলেও তিন বছরের মাথায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদল এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে। অন্যদিকে, জেলা ছাত্রদলের কমিটি ছিল আরও দীর্ঘমেয়াদী। ২০১৬ সালে মান্নান মিস্ত্রিকে সভাপতি ও গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটি প্রায় আট বছর দায়িত্ব পালন করে। পরবর্তীতে মহানগরের সঙ্গেই এই কমিটিও বিলুপ্ত করা হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ছাত্রদল মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে খুলনার দুই ইউনিটের কমিটি ভেঙে দিলেও জাতীয় নির্বাচনের আগের অস্থিরতায় নতুন কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি।
বর্তমানে নতুন নেতৃত্বে আসতে মহানগর ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় রয়েছেন মো: ফিরোজ আহমেদ, তাজিম বিশ্বাস, শেখ মফিজুর রহমান অভি, রশিদুর রহমান রুবেল, আরিফুল ইসলাম আরিফ, রাজিবুল আলম বাপ্পি, রাজু আহমেদ রাজ, মো: নাজমুল ইসলাম নাজু, মো: শাকিল আহমেদ, মাজহারুল ইসলাম রাসেল, আব্দুল আহাদ শাহিন, সৈয়দ ইমরান এবং নাজিম উদ্দিন ভূঁইয়া। অন্যদিকে জেলা ছাত্রদলের নেতৃত্বে এগিয়ে আছেন গাজী শহিদুল, মাসুম বিল্লাহ, মশিউর রহমান শফিক, ফিরোজ আহমেদ আদল, অনিক আহমেদ, ইয়ামিন ইসলাম, ইসমাইল হোসেন খান, আবু জাফর ও ইমতিয়াজ সুজন।
ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, মহানগর ছাত্রদলের কমিটিতে রকিবুল ইসলাম বকুল ও নজরুল ইসলাম মঞ্জু-ঘনিষ্ঠদের প্রাধান্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জেলা ছাত্রদলের কমিটি গঠনে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, আমির এজাজ খান এবং জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি-সমর্থিত নেতাদের তৎপরতাও বেশ লক্ষণীয়। তবে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় ছাত্রদল যেন দ্রুত সময়ের মধ্যে একটি
সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য ও কর্মীবান্ধব নেতৃত্ব ঘোষণা করে।
নিয়মিত আপডেট পেতে আমাদের কয়রা সাংবাদিক ফোরাম ভিজিট করুন।


একটি মন্তব্য পোস্ট করুন